কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে খলিলুর রহমান নামে এক দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগী মোসলেম উদ্দিন অভিযোগ করেন, তাঁর বাবার জমি ভুয়া দলিল তৈরি করে আত্মসাতের চেষ্টা করা হয়েছিল। পরে এলাকাবাসীর সহযোগিতায় তিনি জমিটি উদ্ধার করেন। তবে এরপর থেকে তাঁর পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
মাহফুজার রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মোসলেম উদ্দিন, মোজাম্মেল হক, মাহাবুল হকসহ অন্যরা।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের অভিযোগ, দলিল লেখক খলিলুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষের জমি নিয়ে জালিয়াতির অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে তারা পুলিশি হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি করেন তারা।
কর্মসূচি থেকে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়।