বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
পশ্চিমবঙ্গে গরু জবাই নিয়ে শুভেন্দুর কঠোর হুঁশিয়ারি কুড়িগ্রামে তথ্য অধিকার নিয়ে নাগরিক সমাজের ক্যাম্পেইন উলিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার ফেরি সরানো হলো, জনবলও অন্যত্র, অনিশ্চয়তায় চিলমারী ঘাট রৌমারী‌তে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু   রাজারহাটে নদীর পাড় থেকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে চার লাখ টাকার ভারতীয় মোবাইলসহ গ্রেপ্তার-১
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফেরি সরানো হলো, জনবলও অন্যত্র, অনিশ্চয়তায় চিলমারী ঘাট

চিলমারী প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:২৪ অপরাহ্ন



 কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধের মধ্যে ঘাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফেরি দুটি। অন্যত্র সংযুক্ত করা হয়েছে ফেরি পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদেরও। বন্ধ রয়েছে ঘাটের অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম। এতে ফেরি সার্ভিস পুনরায় চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে ৩৪৫ কোটি দুই লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চিলমারী নদীবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ চললেও ফেরি সার্ভিসের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা।

জানা গেছে, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চিলমারী-রৌমারী নৌপথে ফেরি সার্ভিস চালু হয়। কয়েক দফা বন্ধ ও চালুর পর নাব্যতা সংকটের কারণ দেখিয়ে চলতি বছরের ১৪ আগস্ট থেকে আবারও ফেরি চলাচল বন্ধ হ‌য়ে যায়। নদী খননের উদ্যোগ নেওয়া হলেও সার্ভিস চালু না হওয়ায় এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমে ফেরি কুঞ্জলতা এবং পরে কদমকে মেরামতের জন্য ডকইয়ার্ডে নেওয়ার কথা বলে ঘাট থেকে সরিয়ে নেওয়া হয়। তবে বর্তমানে কুঞ্জলতা চাঁদপুর ঘাটে এবং কদম ভোলা ঘাটে সংযুক্ত রয়েছে বলে জানা গেছে। ফেরি দুটি অন্য ঘাটে সংযুক্ত করার বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে বলে দাবি সূত্রটির। ফলে ফেরি দুটি মেরামতের জন্য নেওয়া হয়েছিল, নাকি অন্য ঘাটে ব্যবহারের জন্য সরানো হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিকে চিলমারী ঘাটে বাণিজ্য, মেরিন, হিসাব, প্রকৌশল ও ফেরি পরিচালনাসহ বিভিন্ন কাজে যুক্ত প্রায় ৪৮ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত ছিলেন। তাদের কয়েকজনকে ধাওয়াপাড়া নদী বন্দর, ঢাকা-কাশীপুর ও আরিচা ঘাটসহ বিভিন্ন স্থানে সংযুক্ত বা বদলি করা হয়েছে। চিলমারী কলেজ মোড়ের অস্থায়ী কার্যালয়টিও ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চিলমারী নদী বন্দরের সাবেক সহকারী ব্যবস্থাপক আকিব সোহেল আকাশ বলেন, এখানকার কর্মকর্তা-কর্মচারীদের দেশের অন্য ফেরিঘাটে সংযুক্ত করা হয়েছে। ফেরি চালু করা হলে তাদের আবার এ ঘাটে নিযুক্ত করা হবে।

তবে ফেরি সার্ভিস পুনরায় চালুর নির্দিষ্ট সময়সীমা এবং ফেরি দুটি কবে ফিরবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চালু থাকলে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নদী পারাপার সহজ হয়। ফেরি বন্ধ থাকায় বিকল্প পথে চলাচলে সময় ও ব্যয় বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে ব্যবসায়ী, ট্রাকচালক ও নিয়মিত যাতায়াতকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

চিলমারীর ট্রাকচালক সাদেকুর রহমান বলেন, ফেরি বন্ধ থাকায় আমাদের বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি জ্বালানি খরচও বাড়ছে। সময়মতো পণ্য পৌঁছাতে না পারায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত ফেরি সার্ভিস চালু হলে আমাদের দুর্ভোগ অনেকটাই কমবে।

এ বিষ‌য়ে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, চিলমারী-রৌমারী নৌপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এখান থেকে ফেরি তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ কম গুরুত্বপূর্ণ অনেক ফেরিঘাটে সার্ভিস সচল রাখা হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করেছি। আমি সংসদে নোটিশ দিয়েছি। আগামী সংসদ অধিবেশনে এ বিষয়ে কথা বলব।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT