বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক জনসভায় এসব কথা বলেন শুভেন্দু অধিকারী। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের বরাতে এ তথ্য জানিয়েছে রাইজিংবিডি।
জনসভায় শুভেন্দু বলেন, হিন্দুদের কাছে গরু পবিত্র। তাই গরুর কোনো ক্ষতি করা উচিত নয়। তিনি বলেন, ‘গোমাতার গায়ে কেউ হাত তুলবেন না। গোমাতার কোনো ক্ষতি করবেন না। আমি বিষয়টি স্পষ্ট করে বলে দিচ্ছি—যদি এমনটা ঘটে, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।’
সিএএর মাধ্যমে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে নিজের প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। তাঁর দাবি, রাজ্যে কোনো হিন্দু শরণার্থীকে যেন কারাগারে থাকতে না হয়, তা নিশ্চিত করা হবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত নাগরিকত্বের আবেদন করার আহ্বান জানান তিনি।
শুভেন্দু বলেন, ‘আমি নিশ্চিত করব, যেন একজন হিন্দু শরণার্থীও এখানে কারাগারে না থাকেন। তাঁদের মুক্ত করতে এবং সিএএর অধীনে নাগরিকত্ব প্রদানের জন্য অবিলম্বে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
কথিত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, তাঁদের প্রথমে হোল্ডিং স্টেশনে রাখা হবে। পরে সেখান থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে শুভেন্দু আরও বলেন, এসব এলাকায় কোনো অবৈধ মাদ্রাসা থাকা উচিত নয়, যাতে দেশবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হতে না পারে।