কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়ি থেকে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বুধবার রাতে ভুক্তভোগীর মা দুজনকে আসামি করে উলিপুর থানায় মামলা করেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে ওই তরুণী বাড়ির পাশের উঠানে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী নজির ফারাজীর ছেলে নয়ন ফারাজী তাঁকে নিজেদের বাড়ি থেকে একটি গ্যাসলাইট নিয়ে আসতে বলেন। তাঁর কথামতো ওই বাড়িতে গেলে আগে থেকেই সেখানে অবস্থান করা ইকবাল সরকারের ছেলে বাইজিদ সরকার তাঁকে জাপটে ধরেন।
এজাহারে অভিযোগ করা হয়, তরুণী চিৎকার করলে তাঁকে মারধর ও ভয়ভীতি দেখানো হয়। পরে বাড়ির একটি শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বাইজিদ। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেন ওই তরুণী। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বুধবার রাতে থানায় মামলা করেন তাঁর মা।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ভুক্তভোগী তরুণীর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।