বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

জাতীয় সংসদ অধিবেশন দেখতে ঢাকায় যাচ্ছে উলিপুরের নির্বাচিত শিক্ষার্থীরা

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন



জাতীয় সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাচ্ছে কুড়িগ্রামের উলিপুরের নির্বাচিত শিক্ষার্থীরা। এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঢাকার উদ্দেশে যাত্রা করবে শিক্ষার্থীদের একটি দল।

সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে নির্বাচিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গুনাইগাছ স্কুল মাঠ থেকে তাদের যাত্রা শুরু হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাসে সার্বক্ষণিক একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। পাশাপাশি রাতের খাবার, সকালের নাশতা, ঢাকায় পৌঁছে ফ্রেশ হওয়ার ব্যবস্থা এবং দুপুরের খাবারের আয়োজন রাখা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করবে। এরপর জাতীয় সংসদ ভবনে উপস্থিত থেকে সরাসরি সংসদ অধিবেশন দেখার পাশাপাশি সংসদ সদস্যদের কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ পাবে তারা।

কর্মসূচি শেষে স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে রাতের খাবার খেয়ে নির্ধারিত বাসে শিক্ষার্থীরা বাড়ির উদ্দেশে রওনা হবে। ছাত্রীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নারী স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে। এ কারণে ছাত্রীদের সঙ্গে অভিভাবকদের যাওয়ার প্রয়োজন নেই বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষ প্রয়োজনে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগের জন্য জাহাঙ্গীর আলম প্লাবনের ০১৩২৮-১০৯১৭১ এবং কামাল কবির লিটনের ০১৭৬১-৩০৯৯০৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী শিক্ষার্থীদের যাত্রা নিরাপদ, আনন্দময় ও স্মরণীয় হওয়ার প্রত্যাশা জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT