বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।