কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে তৃতীয় ও চতুর্থ শ্রেণির তিনটি শূন্য পদে নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদের বিরুদ্ধে গোপনে নিয়োগ কার্যক্রম পরিচালনা এবং তিন পদে প্রায় ৬০ লাখ টাকা লেনদেনের পাঁয়তারা করার অভিযোগ করেছেন স্থানীয় চাকরিপ্রত্যাশীরা। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কয়েকজন শিক্ষিত বেকার যুবক-যুবতী।
গত ২২ নভেম্বর দেওয়া ওই অভিযোগপত্রে বলা হয়, কলেজে বর্তমানে একজন অফিস সহকারী, একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও একজন অফিস সহায়কের পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগের বিষয়ে স্থানীয় চাকরিপ্রত্যাশীদের কোনো তথ্য জানানো হচ্ছে না। এমনকি কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষক প্রতিনিধি ও কয়েকজন অভিভাবক সদস্যও নিয়োগের বিষয়ে অবগত নন বলে অভিযোগ করেছেন তারা।
অভিযোগকারীদের দাবি, নিয়োগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বারবার পুনর্বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলছেন। তবে গোপনে কোনো পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই পত্রিকার কপি সংগ্রহের মাধ্যমে নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা চলছে বলে তারা জানতে পেরেছেন। এতে প্রকৃত চাকরিপ্রত্যাশীরা আবেদন ও নিয়োগ পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, নিয়োগ কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে রাখতে অধ্যক্ষ তার ভগ্নিপতি আরাবুর রহমানকে গভর্নিং বডির সভাপতি করেছেন। পাশাপাশি দুই ছেলের শ্বশুর মো. আবুল হোসেন ও মো. দুলাল হোসেন এবং ঘনিষ্ঠ বন্ধু মমিনুল হক ও আশরাফুল হককে গভর্নিং বডির সদস্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
তাদের দাবি, নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যদের যথাযথভাবে অবহিত করা হচ্ছে না।
অধ্যক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অতীতের মামলা নিয়েও অভিযোগপত্রে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি একটি মামলায় গ্রেপ্তার হয়ে ১৭ দিন কারাগারে ছিলেন অধ্যক্ষ। এ সময়ের বেতন-ভাতা গ্রহণ এবং নিয়মিত কলেজে উপস্থিত না থাকার অভিযোগও করেছেন তারা।
অভিযোগকারীরা আরও দাবি করেছেন, ২০১৭ সালে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার সময় তার প্রয়োজনীয় অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন ছিল। ডিগ্রি কলেজ পর্যায়ে অধ্যক্ষ নিয়োগের জন্য প্রয়োজনীয় ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা তার ছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তারা।
লিখিত অভিযোগে মোছা. শাম্মী আক্তার, মো. আব্দুল লতিফসহ স্থানীয় কয়েকজন শিক্ষিত বেকার যুবক-যুবতী স্বাক্ষর করেছেন। তারা অভিযোগ তদন্ত না হওয়া পর্যন্ত নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা ও চূড়ান্ত নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অভিযোগের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও কুড়িগ্রাম প্রেস ক্লাবেও পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেন। পরে সাক্ষাতে কথা বলতে বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।