“মানুষকে সচেতন করি, বাল্যবিবাহ বন্ধ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে প্রকল্প অবহিতকরণ সভা।
বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বিকেলে ধামশ্রেণী ইউনিয়ন ফেডারেশন হল রুমে এ সভার আয়োজন করে ধামশ্রেণী যুব সংগঠন। সার্বিক সহযোগিতায় ছিল চাইল্ড, নট ব্রাইড প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ।
সভায় অংশ নেন ইউনিয়ন পরিষদের সদস্য, ফেডারেশন সদস্য, ঈমাম, ঘটক, কাজী, পুরোহিত, স্কুল শিক্ষক ও সাংবাদিকরা হ সংগঠনের সদস্তাযরা। সবাই নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, অল্প বয়সে বিয়ে হলে একটি কিশোরীর শারীরিক ও মানসিক ক্ষতি হয়, শিক্ষা ব্যাহত হয় এবং সমাজে নানা সমস্যার সৃষ্টি হয়। তাই পরিবার, সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সবার সম্মিলিত উদ্যোগে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব।
এ সময় স্থানীয় জনগণকে সচেতন করার জন্য গ্রামভিত্তিক সভা, স্কুল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক প্রচারণা জোরদার করার আহ্বান জানানো হয়।