কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরার জালে আটকা পড়েছে প্রায় ১৩ ফুট দীর্ঘ একটি অজগর।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকায় ধরলা নদীর কাছের একটি বিলে চায়না দুয়ারী রিং জাল তুলতে গিয়ে অজগরটির দেখা পান জেলে আব্দুস সোবহান। পরে কয়েকজন জেলের সহায়তায় সাপটিকে জালসহ বাড়িতে নিয়ে আসেন তিনি। বিশাল আকৃতির অজগরটির দেখতে তার বাড়িতে ভিড় করেন স্থানীয়রা।
উলিপুরে লোকালয় থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার
এলাবাকাসী জানান, ওই এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান বিলে নিয়মিত মাছ ধরেন। দুপুরে জাল তুলতে গিয়ে অজগরটি দেখতে পান তিনি। পরে কয়েকজন জেলের সহায়তায় জালসহ সাপটিকে বাড়িতে নিয়ে আসেন।
সাপটি দেখতে আসা জগবন্ধু রায় ও বাবুল শেখ বলেন, অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৩ ফুট।
তাদের ধারণা, সাপটি ভারত থেকে নদীপথে এসেছে। সাপটি আটকা পড়ার স্থান থেকে উত্তর-পশ্চিমে ভারতীয় গিদালদহ সীমান্তের দূরত্ব প্রায় তিন থেকে চার কিলোমিটার।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল বলেন, অজগরটি উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত বা সংরক্ষণের ব্যবস্থা নিতে প্রশাসনকে জানানো হয়েছে।