কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা ঘিরে ৫৬৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের সার্বজনীন কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৩, রংপুরের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।
তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রাখা হচ্ছে।
দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে বিজিবির বিশেষ নজরদারি
তিনি গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য দেখলে যাচাই ছাড়া শেয়ার করা যাবে না। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দুর্গাপূজা উদ্যাপনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
প্রেস ব্রিফিংয়ে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায়সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
পরে এসআরবি-১৩-এর সদস্যরা জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শনে বের হন।