মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে হাডুডু ঘিরে উৎসব, পুরস্কার গরু-ছাগল-রাজহাঁস

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:৫২ অপরাহ্ন



মাঠজুড়ে দর্শকের ভিড়, খেলোয়াড়দের দমবন্ধ করা লড়াই আর চারপাশে উচ্ছ্বাস। নাগরিক ব্যস্ততায় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে কুড়িগ্রামের উলিপুরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে শুরু হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬। এতে অংশ নিচ্ছে ১৬টি দল। চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে একটি গরু, রানার্সআপ দলের জন্য একটি ছাগল এবং তৃতীয় স্থান অর্জনকারী দলের জন্য দুটি রাজহাঁস পুরস্কার।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। নতুন অনন্তপুর বাজার বন্ধু পাঠাগার এ আয়োজন করে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক নতুন অনন্তপুর যুব স্পোর্টিং ক্লাব একাদশ ও ধরনীবাড়ী ইউনিয়নের খৈ খাওয়ার পাড় স্পোর্টিং ক্লাব। খেলা দেখতে সন্ধ্যা থেকেই মাঠে ভিড় করেন দূরদূরান্তের বিভিন্ন বয়সী মানুষ। দর্শকদের উপস্থিতিতে মাঠের চারপাশ হয়ে ওঠে প্রাণবন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণ্ডলহাট মহাবিদ্যালয়ের প্রভাষক সরকার মাহমুদ সাজু। প্রধান অতিথি ছিলেন ডা. বাবর উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মো. গোলাম মর্তুজা মুকুল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি আল ইমরান মানিক।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মো. গোলাম মর্তুজা মুকুল বলেন, ‘হাডুডু শুধু একটি খেলা নয়, এটি আমাদের শেকড়ের খেলা, আমাদের জাতীয় খেলা। গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, যেখানে খেলাধুলা থাকে, সেখানে মাদক থাকতে পারে না। এ মাঠ থেকেই আগামী দিনের সুস্থ, সবল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উলিপুরসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের ১৬টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আদিব ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী নুরুল হুদা, নতুন অনন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল চন্দ্র রায়, নতুন অনন্তপুর বাজার কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক নুরে হাসান সাজু এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য মিজানুর রহমান দুলুর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মধ্য দিয়ে শুধু খেলাধুলার প্রতিযোগিতা নয়, গ্রামীণ সম্প্রীতি ও মিলনমেলার পরিবেশও তৈরি হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে হাডুডু খেলার প্রতি আগ্রহ বাড়বে এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ইতিবাচক ভূমিকা আরও জোরালো হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT