কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে পাঁচজনকে গাভি কেনার জন্য ৫ লাখ টাকার চেক এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মধ্যে ২০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’।
সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান।
সভায় বক্তব্য দেন ভূরুঙ্গামারী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি বোরহান আলী, আন্ধারীঝাড় নারী উন্নয়ন সংস্থার শাহানাজ বেগম ও পাইকেরছড়া মৎস্যজীবী সমবায় সমিতির জিন্নাত আলী।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পাঁচজনের মধ্যে গাভি কেনার জন্য মোট ৫ লাখ টাকার চেক এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মধ্যে ২০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।