রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপু‌রে পাঁচ বছরেও হয়নি শোধনাগার

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুর পৌরসভার বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমি এখন পরিণত হয়েছে ভাগাড়ে। সেখানে প্রতিদিন ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য। বৃষ্টির পানির সঙ্গে এসব বর্জ্য মিশছে পাশের নাওডাঙ্গা বিলে। এতে মাছ ও ধান চাষ ব্যাহত হওয়া ও দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দূষণে দুর্ভোগে পড়েছেন আশপাশের চার গ্রামের কয়েক হাজার মানুষ।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নাওডাঙ্গা বিল এলাকায় বর্জ্য শোধনাগারের জন্য নির্মিত স্থাপনার ভিত্তি পড়ে আছে। ভিত্তির ওপর রয়েছে একটি টিনের ঘর। এর পাশেই স্তূপ করে রাখা হয়েছে পৌরসভার বর্জ্য। বৃষ্টির পানির সঙ্গে এসব বর্জ্য ছড়িয়ে পড়ছে বিল ও আশপাশের ফসলি জমিতে। দুর্গন্ধে ওই এলাকার পরিবেশ হয়ে উঠেছে অসহনীয়।

নাওডাঙ্গা গ্রামের বাসিন্দা আবদুল গনি মেম্বার বলেন, শোধনাগার নির্মাণের জন্য স্থানীয় কৃষকেরা জমি বিক্রি করেছিলেন। কিন্তু শোধনাগার নির্মাণ না হওয়ায় সেই জমিই এখন তাঁদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সেখানে পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। বৃষ্টির পানির সঙ্গে বর্জ্য ধুয়ে ফসলি জমিতে যাচ্ছে। দ্রুত শোধনাগারটি চালু করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা কল্লোল রায় বলেন, একসময় নাওডাঙ্গা বিলের প্রায় ২০ একর জমিতে সমবায়ভিত্তিক মাছ ও আমন ধানের চাষ হতো। এখন বিলটি প্রায় অকেজো হয়ে পড়েছে। বন্যার পর প্রাকৃতিকভাবে বিলে যেসব মাছ আসে, সেগুলোও পৌরসভার বর্জ্যের কারণে মারা যায়। সরকারি অর্থে বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্প নেওয়া হলেও তা মানুষের কোনো কাজে আসছে না।

নাওডাঙ্গা জামতলা এলাকার চায়ের দোকানি মঞ্জুরুল ইসলাম বলেন, পাঁচ বছর আগে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ৩ একর ৬০ শতক জমি অধিগ্রহণ করা হয়। পৌরবাসীর স্বার্থে কৃষকেরা জমি দিয়েছিলেন। কিন্তু শোধনাগার নির্মাণ না করে জায়গাটি পৌরসভার ভাগাড়ে পরিণত করা হয়েছে। এতে চার গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশের ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) অর্থায়নে উলিপুরে বর্জ্য শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটির জন্য বরাদ্দ রাখা হয় ৪ কোটি ৫৬ লাখ টাকা। ২০২১ সালে দরপত্রের মাধ্যমে কাজটি পায় কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এম আদিল এন্টারপ্রাইজ। ২০২২ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল।

তবে প্রকল্পের জন্য নির্ধারিত জমির অবস্থান পরিবর্তন হওয়ায় নতুন করে নকশা তৈরি করতে হয়। সংশোধিত নকশা অনুযায়ী প্রকল্পের ব্যয় আরও ১ কোটি ৭৩ লাখ টাকা বাড়ে। কিন্তু বাড়তি অর্থের অনুমোদন না পাওয়ায় ঠিকাদারের পাওনা বিল পরিশোধ করা সম্ভব হয়নি। একপর্যায়ে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এরপর আর কাজ শুরু হয়নি।

উলিপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাগর মন্ডল বলেন, জমি অধিগ্রহণের কাজ করেছে পৌরসভা। আর প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। শোধনাগারের কাজ শেষ না হওয়ায় বাধ্য হয়ে ওই এলাকাতেই পৌরসভার বর্জ্য ফেলতে হচ্ছে। প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এম আদিল এন্টারপ্রাইজের প্রতিনিধি আমিনুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশিদ বলেন, প্রথমে পতিত জমির উপযোগী করে প্রকল্পের নকশা করা হয়েছিল। ওই সময়ে প্রকল্পের বরাদ্দ ছিল ৪ কোটি ৫৬ লাখ টাকা। পরে নিচু জমিতে স্থান পরিবর্তন করায় নকশাও সংশোধন করতে হয়েছে। সংশোধিত নকশা অনুযায়ী ব্যয় ১ কোটি ৭৩ লাখ টাকা বাড়লেও সেই অর্থের অনুমোদন পাওয়া যায়নি। অতিরিক্ত বরাদ্দের জন্য অধিদপ্তরে আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে ঠিকাদারকে ৩ কোটি ১৩ লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে। তবে ঠিকাদার প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার কাজ করেছেন। অতিরিক্ত বিল পরিশোধ করতে না পারায় কাজ বন্ধ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এ টি এম আরিফ বলেন, পৌরসভার বর্জ্য শোধনাগারের জায়গা পরিবর্তন হয়েছে। নতুন জায়গায় বালু ভরাট করতে অনেক টাকা প্রয়োজন। এ কারণে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। নতুন জায়গার জন্য প্রয়োজনীয় অর্থ একনেকে অনুমোদন হলে কাজ শুরু হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT