বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার বাকরের হাট বাজার এলাকায় উলিপুর-রাজারহাট সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা কর্মসূচির কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জরিফ উদ্দিন, আব্দুল হাই, হাবিবুর রহমান শুটকুসহ স্থানীয় কয়েকজন। বক্তারা বলেন, হাসিবুর রহমানকে পরিকল্পিতভাবে বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ অত্যন্ত ন্যক্কারজনক। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো প্রভাবশালী মহল যেন অপরাধীদের রক্ষায় ভূমিকা রাখতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
এ সময় বিক্ষোভকারীরা ‘রক্তের দাম দিতে হবে, হামলাকারীর বিচার করতে হবে’ এবং ‘আমাদের প্রিয় ভাই হাসিবের নির্যাতনের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাঁরা বলেন, শুধু আশ্বাস নয়, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর উপজেলার পান্ডুল ইউনিয়নের সত্ত্বার ভিটা এলাকায় মোবাইল ফোনের চার্জার ফেরত নেওয়ার কথা বলে হাসিবুর রহমানকে ডেকে নেওয়া হয়। পরে তাঁকে আটকে রেখে মারধর ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তাঁর দাবি, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এদিকে সড়ক অবরোধ ও বিক্ষোভ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##