২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি, সোমবার শুরু হতে পারে। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। চাঁদ দেখা গেলে সেদিন রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হবে এবং পরদিন থেকে রোজা শুরু হতে পারে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তবে চাঁদ দেখা না গেলে রমজান শুরু এক দিন পিছিয়ে যেতে পারে। ফলে ৮ ফেব্রুয়ারির তারিখটি এখনো সম্ভাব্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁদ দেখার ভিত্তিতে রমজানের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।
ইসলামি বর্ষপঞ্জি চান্দ্র হওয়ায় প্রতিবছর রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে আসে। রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। এরপর শাওয়ালের নতুন চাঁদ দেখা গেলে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। বর্তমান হিসাব অনুযায়ী, ১০ মার্চ ২০২৭ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।
রমজান ইসলামি বর্ষপঞ্জির নবম মাস। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। একই সঙ্গে নামাজ, কোরআন তেলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।