কুড়িগ্রামের উলিপুরে কিডনি রোগে আক্রান্ত অসহায় রিয়াজুল ইসলাম রয়েলের পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উদ্যোগে পরিবারটির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কৃষ্ণমঙ্গল আদর্শপাড়া গ্রামে রিয়াজুলের বাড়িতে গিয়ে পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্য সামগ্রীর মধ্যের ছিল, চাল, ডাল, তেল, মসলা, চিনি, হলুদ, আঠা, লবন, পিয়াজ, আলু, হুইল, সাবান।
এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রোকনুজ্জামান মানু, বসুন্ধরা শুভসংঘের উলিপুর উপজেলা শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী, উপদেষ্টা সাজাদুল ইসলাম সাজু, সদস্য মেহেদী হাসান, মোসাদ্দেক মুরাদ প্রমুখ।
জানা গেছে, রিয়াজুল ইসলাম রয়েল (৩৫) দুই কিডনি অকেজো হয়ে যাওয়ায় গুরুতর অসুস্থ হন তিনি। তার লিভারেও সমস্যা দেখা দিয়েছে। জীবন বাঁচাতে সপ্তাহে দুই থেকে তিন দিন ডায়ালাইসিস করাতে হয়েছিল। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারের সঞ্চয় শেষ হয়ে গেছে। ধারদেনা করেও চিকিৎসার খরচ চালাতে পারছিল না পরিবারটি।
গত ১৮ সেপ্টেম্বর কালের কণ্ঠের অনলাইনে ‘রিয়াজুলের ডায়ালাইসিসের খরচ জোগাতে দিশেহারা পরিবার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিভিন্ন ব্যক্তি পরিবারটির সহায়তায় এগিয়ে আসে।