ভারতীয় চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও নির্মাতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভোরে বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাঁকে আর ফেরানো সম্ভব হয়নি। সকাল ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর মৃত্যুর ঘটনায় মেডিকো-লিগ্যাল প্রক্রিয়া শুরু হয়েছে এবং ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর বিস্তারিত কারণ খতিয়ে দেখা হবে।
প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে নানা পাটেকর নিজের স্বতন্ত্র অভিনয়শৈলী ও শক্তিশালী সংলাপ উপস্থাপনের জন্য ভারতীয় চলচ্চিত্রে আলাদা জায়গা তৈরি করেন। ১৯৭৮ সালে ‘গমন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘প্রহার’, ‘খামোশি’, ‘অব তাক ছাপ্পান’, ‘অপহরণ’, ‘রাজনীতি’সহ অসংখ্য আলোচিত ছবিতে অভিনয় করেন তিনি।
গম্ভীর ও শক্তিশালী চরিত্রের পাশাপাশি কমেডিতেও নিজের দক্ষতার প্রমাণ দেন নানা। ২০০৭ সালের ‘ওয়েলকাম’ ছবিতে উদয় শেট্টি চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায়। এর সিক্যুয়েল ‘ওয়েলকাম ব্যাক’-এও একই চরিত্রে দেখা যায় তাঁকে। মারাঠি চলচ্চিত্র ‘নটসম্রাট’-এ অভিনয়ের জন্যও ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন নানা পাটেকর। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।