কুড়িগ্রাম সদর উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগে হামলা, আহত মা-ছেলে
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। তবে বাড়িতে ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন।
এ অবস্থায় মঙ্গলবার রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি নিয়ে বুধবার সকালে শোভনের সঙ্গে তার মা-বাবার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শোভন ঘরে থাকা ছুরি দিয়ে মা-বাবাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মা পারুল বেগমের মৃত্যু হয়। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবাকেও ছুরিকাঘাত করেন তিনি। এরপর পালিয়ে যান শোভন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কুড়িগ্রামে খাসজমি দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত-১, আহত-৫
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়াধীন।