ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৫৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৯৬ জন, চট্টগ্রামে ৩১৮ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪৬৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৩০ জন, ময়মনসিংহে ৯৭ জন, রাজশাহীতে ১৮৪ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে ১৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
উলিপুরে দুর্যোগ মোকাবিলায় মহড়া, পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন। তাঁদের মধ্যে ৯৭ হাজার ২৯৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৬৫ জন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩১৬ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই বছর ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়।