রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। নতুন অনন্তপুর বাজার বন্ধু পাঠাগার এ আয়োজন করে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক নতুন অনন্তপুর যুব স্পোর্টিং ক্লাব একাদশ ও ধরনীবাড়ী ইউনিয়নের খৈ খাওয়ার পাড় স্পোর্টিং ক্লাব। খেলা দেখতে সন্ধ্যা থেকেই মাঠে ভিড় করেন দূরদূরান্তের বিভিন্ন বয়সী মানুষ। দর্শকদের উপস্থিতিতে মাঠের চারপাশ হয়ে ওঠে প্রাণবন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণ্ডলহাট মহাবিদ্যালয়ের প্রভাষক সরকার মাহমুদ সাজু। প্রধান অতিথি ছিলেন ডা. বাবর উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মো. গোলাম মর্তুজা মুকুল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি আল ইমরান মানিক।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মো. গোলাম মর্তুজা মুকুল বলেন, ‘হাডুডু শুধু একটি খেলা নয়, এটি আমাদের শেকড়ের খেলা, আমাদের জাতীয় খেলা। গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, যেখানে খেলাধুলা থাকে, সেখানে মাদক থাকতে পারে না। এ মাঠ থেকেই আগামী দিনের সুস্থ, সবল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উলিপুরসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের ১৬টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আদিব ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী নুরুল হুদা, নতুন অনন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল চন্দ্র রায়, নতুন অনন্তপুর বাজার কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক নুরে হাসান সাজু এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য মিজানুর রহমান দুলুর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মধ্য দিয়ে শুধু খেলাধুলার প্রতিযোগিতা নয়, গ্রামীণ সম্প্রীতি ও মিলনমেলার পরিবেশও তৈরি হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে হাডুডু খেলার প্রতি আগ্রহ বাড়বে এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ইতিবাচক ভূমিকা আরও জোরালো হবে।