কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসল করতে নেমে আলমিনা (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী ক্লিনিক সংলগ্ন নদের ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আলমিনা ওই গ্রামের বাসিন্দা আলী হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ির কাছে বোয়ালমারী ক্লিনিক সংলগ্ন দুধকুমার নদের ঘাটে আলমিনাসহ তিন শিশু গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে তিনজনই ভেসে যেতে থাকে। পরে বাকি দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও আলমিনা পানিতে তলিয়ে যায়।
এ সময় তীরে ওঠা দুজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা নদে খোঁজাখুঁজি শুরু করেন। তাকে না পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালালেও শিশুটির সন্ধান পায়নি।
পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রংপুরে ডুবুরি দলকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে।
ঘটনাস্থলে থাকা নাগেশ্বরী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী জানান, নিখোঁজ শিশু শিশু আলমিনাকে এখনো পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।