‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শাহিন আলম। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী হাসান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মজিবর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরীন এবং খামারি আব্দুল মালেক ও বিলকিস বেগম।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে খামারিদের প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
উল্লেখ্য, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান, ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, কৃমিনাশক বিতরণ এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।