কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের দায়ে মো. আতাউর রহমান (৩৫) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জোদ্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত আতাউর রহমান ঢাকার লালবাগের আমলাপাড়া সিটি রোড এলাকার আব্দুল করিমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ক্রমিক অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।