কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বেলগাছা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁর নাম ঘোষণা করা হয়। বাব উল্ল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বেলগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুর রহমান শাবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য আবু মুসা দুলু, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান এবং জেলা যুবদল নেতা আব্দুর রহিম রাসেলসহ স্থানীয় নেতারা।
সভায় বক্তারা ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মাহবুবুর রহমানের নাম ঘোষণা করা হয়।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।