মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির একাংশের বিক্ষোভ

না‌গেশ্বরী প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:৪২ পূর্বাহ্ন



কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ তুলে তারা ডিলার নিয়োগ বাতিলের দাবি জানান।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে পৌরসভার বলদিটারী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার বদলী

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার হওয়ার ঘটনা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা ভুলে যাননি। অথচ অর্থের বিনিময়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের নিয়োগ তারা মেনে নেবেন না।

কচাকাটায় সারের দাবিতে কৃষক‌দের সড়ক অবরোধ

বক্তারা দাবি করেন, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫ জন সার ডিলারের মধ্যে ১০ জনই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান এবং আহ্বায়ক গোলাম রসুল রাজার অনিয়মের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় নিয়োগ বাতিলের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তব্য দেন নাগেশ্বরী পৌর কৃষকদলের সদস্য সচিব আদম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন এবং ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদ প্রমুখ।

জামায়াতের এমপি নির্বাচিত এলাকায় সারের কৃত্রিম সংকট: প্রতিমন্ত্রী মীর শা‌হে আলম

অভিযোগের বিষয়ে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, যারা মিছিল করেছেন, তারা না বুঝেই করেছেন। যারা যোগ্য, তারাই ডিলারশিপ পেয়েছেন। এখানে বিএনপির কোনো হাত নেই, বিএনপি কোথাও হস্তক্ষেপও করেনি।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT