কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোরকার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে গাঁজা বহনের অভিযোগে রুবিনা (৪০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই কেজি ৬০০ গ্রাম গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী বাজারের স্বর্ণপট্টি এলাকায় আতিক জুয়েলার্সের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলাকালে রুবিনার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত বোরকার ভেতরে পলিথিন ও টেপ দিয়ে মোড়ানো একটি পোটলা পাওয়া যায়। পরে পোটলাটি খুলে দুই কেজি ৬০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
ফুলবাড়ী সীমান্তে পিস্তল-গুলিসহ মাদক উদ্ধার
আটক রুবিনা ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল (বিডিআর বাজার) এলাকার মিনহাজুলের স্ত্রী।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।