গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের রিমান্ডের আবেদন করে আজ আদালতে পাঠানো হবে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজন আটক হন।
গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরে ফুটপাতের পাশের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়।
এ ছাড়া পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাতটি উন্মুক্ত করা হয়। সেখানে নতুন ডাস্টবিন স্থাপন, বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।